শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ডিইএবি’র প্রচারণা শুরু

মোঃমোমিনুল ইসলাম

জানুয়ারি ২৭, ২০২৬, ১১:২৫ এএম

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ডিইএবি’র প্রচারণা শুরু

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ফরিদপুর গোরস্থান মোড় এলাকায় সংগঠনটির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

কার্যালয় উদ্বোধনকালে ডিইএবি নেতৃবৃন্দ বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত স্বীকৃতি দিয়েছিলেন। 

পরবর্তীতে ১৯৯২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করেন। এই সম্মান ও স্বীকৃতির ঋণ পরিশোধেই তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।এবারের নির্বাচনে ডিইএবি’র প্রচারণায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রার্থীর পক্ষে প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আইসিটি ব্যবহার করা হবে। 

এ ছাড়া নির্বাচিত হলে প্রকৌশলীদের উদ্যোগে দিনাজপুর থেকে ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল সিগন্যাল পদ্ধতি চালু, বেকার যুবকদের জন্য এআই-ভিত্তিক কর্মসংস্থান এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে তাদের।উদ্বোধন শেষে নেতৃবৃন্দ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মহাসড়কের দুই পাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইএবি দিনাজপুরের আহ্বায়ক প্রকৌশলী মো. নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুল মমিন এবং সদস্য সচিব প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রফিকুল ইসলাম, আনিসুজ্জামান, মাসুদ পারভেজ রুবেল, আব্দুর রহিম, গোলাপ, মোবাশ্বের রাশেদ, শান্ত, নায়িব আনোয়ার, আল আমিন ইসলাম, মুসাব্বির ইসলাম, রিয়াদ, রাইয়ান, রমজান ও ওমর ফারুক ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন যে, মেধা ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তারা নিরলস কাজ করে যাবেন।