জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০৬ পিএম
দেশের উত্তরাঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে দিনাজপুরে শুরু হয়েছে ‘তৃণমূল জিমন্যাস্টিকস প্রশিক্ষণ ক্যাম্প ২০২৬’। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের (বিজিএফ) ব্যবস্থাপনায় জেলা জিমনেশিয়ামে আয়োজিত এই ক্যাম্পটি ঘিরে খুদে খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।গত ২৭ জানুয়ারি জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তৃণমূল পর্যায় থেকে দক্ষ জিমন্যাস্ট তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই নিবিড় প্রশিক্ষণে মোট ৭০ জন খুদে অ্যাথলেট অংশ নিচ্ছে, যার মধ্যে ৫০ জন বালক এবং ২০ জন বালিকা। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন চলবে এই বিশেষ ক্যাম্প।
ঢাকা থেকে আসা জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোচ মো. আব্দুল্লাহ আল মাসুম প্রশিক্ষণার্থীদের নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। তাকে সহযোগিতা করছেন স্থানীয় কোচ মো. আসাদুজ্জামান লিমন, মো. নজরুল ইসলাম, মো. আসলাম হোসেন এবং মহিলা কোচ আজমেরী সুলতানা।
এবারের ক্যাম্পের অন্যতম বিশেষত্ব হলো কোচদের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ। আয়োজকরা প্রশিক্ষণ কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি; কোচরা ব্যক্তিগতভাবে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেছেন। জিমন্যাস্টিকসের গুরুত্ব তুলে ধরে শিশুদের খেলাধুলামুখী করতে অভিভাবকদের উদ্বুদ্ধ করার ফলে এবার অংশগ্রহণকারীর সংখ্যা ও আগ্রহ দুই-ই বৃদ্ধি পেয়েছে।ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রতিদিন সকাল ও বিকেলে দুই বেলা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে রয়েছে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শরীরের ভারসাম্য ও নমনীয়তা নিশ্চিতকরণ এবং আধুনিক জিমন্যাস্টিকসের কৌশলগত প্রাথমিক পাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল ভিত্তিক এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে দিনাজপুর থেকেই বেরিয়ে আসবে আগামীর জাতীয় দলের কাণ্ডারিরা। সঠিক পরিচর্যা পেলে এই খুদে অ্যাথলেটরাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজ পতাকা উড়াবে এবং অলিম্পিকের মতো বড় আসরে দেশের জন্য পদক জয় করবে। বর্তমানে দিনাজপুর জিমনেশিয়াম খুদে জিমন্যাস্টদের পদচারণায় এক উৎসবমুখর ক্রীড়া জনপদে পরিণত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন