শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. জীবনের ‘জাহাজ’ প্রতীকের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:১৫ পিএম

দিনাজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. জীবনের ‘জাহাজ’ প্রতীকের ব্যাপক গণসংযোগ

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ড. আনোয়ার চৌধুরী জীবন ‘জাহাজ’ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব রয়েছেন। প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরের পর তিনি বিরল উপজেলার বাইশাপাড়া, গনির মোড় ও গুচ্ছ গ্রামসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

গণসংযোগকালে ড. জীবন ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে বলেন, “বিগত ২৫ বছর ধরে আমি বিরল-বোচাগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভ্রাম্যমাণ মেডিকেলের মাধ্যমে স্বাস্থ্যসেবা, ফ্রি অ্যাম্বুলেন্স, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণসহ নানা মানবিক কাজ আমি সাধ্যমতো করে আসছি। 

বিনিময়ে আমি কখনও কিছু চাইনি, এবার আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে সেবার সুযোগ চাই।নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, নির্বাচিত হলে বোচাগঞ্জে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হবে। 

এছাড়া বন্ধ থাকা বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু, টেকনিক্যাল কলেজ স্থাপন, রাস্তাঘাট প্রশস্তকরণ এবং ধর্মীয় উপাসনালয়গুলোর সংস্কার করা হবে। বিরল ও বোচাগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে আমি জনসম্পৃক্ত উদ্যোগ গ্রহণ করব।

এ সময় উপস্থিত ছিলেন সেবক পার্টির আহ্বায়ক এনামুল হক মনি (বাবু), যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম, সদস্য সচিব শামসুজ্জামান হেলাল, যুব সেবক পার্টির আহ্বায়ক মো. রনি এবং পৌর পার্টির আহ্বায়ক ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য বলে ড. জীবন অঙ্গীকার ব্যক্ত করেন।