শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত আরও এক শিশু

মোঃ আব্দুর রাজ্জাক

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:০৬ পিএম

বীরগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত আরও এক শিশু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ জাহিদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোঃ আব্দুল্লাহ (৮) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।নিহত জাহিদ হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মধ্যপাড়া গ্রামের মোঃ আকাশের ছেলে। আহত আব্দুল্লাহ একই এলাকার মোঃ সোহেলের ছেলে। তারা দুজনেই বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু সাইকেল নিয়ে রাস্তায় চলাচলের সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহিদ হোসেনের মৃত্যু হয় এবং আব্দুল্লাহ গুরুতর আহত হয়। 

স্থানীয়রা দ্রুত আব্দুল্লাহকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক ট্রাকসহ চালক মোঃ আলামিনকে (২৬) আটক করেছে। আটক আলামিন উপজেলার আউলাপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।