মার্চ ১৩, ২০২৬, ০৬:৫৩ পিএম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে বীরগঞ্জ পৌর শহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নূর ইসলাম (৩১) নামে এক আরোহী নিহত হন। নিহত নূর ইসলাম বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রয়েল (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বোনের বাড়িতে ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহত রয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর ভাঙ্গাপুল নামক স্থানে বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বন্দারু (২০) নামের এক যুবক নিহত এবং আরও ছয়জন আহত হন। নিহত বন্দারু বিরল উপজেলার বাজনার হার এলাকার ব্রিটিশ সরকারের ছেলে।
আহতরা হলেন সুবর্ণা (১৫), বালা (৪৫), গীতা (৪৫), প্রমিলা (৩০), বাবলী বালা (৪০) এবং সেন্টু (৪১)। তারা সবাই বিরল উপজেলার ধুকুরঝাড়ি এলাকা থেকে বীরগঞ্জে পাত্রী দেখে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় জড়িত ট্রলিটি আটক করা হয়েছে, তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই সড়ক দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন