রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে জমে উঠেছে ইফতার বাজার: বাড়ছে ক্রেতার ভিড়

মোঃ আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:১৯ পিএম

বীরগঞ্জে জমে উঠেছে ইফতার বাজার: বাড়ছে ক্রেতার ভিড়

বীরগঞ্জে বাহারি ইফতারি।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাসকে ঘিরে জমে উঠেছে ইফতারির বাজার। উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজার ও অলিগলির দোকানগুলোতে এখন বাহারি ইফতার সামগ্রীর সমারোহ। শুক্রবার ২০ ফেব্রুয়ারি রমজানের দ্বিতীয় দিনে বিকেল গড়াতেই দোকানগুলোতে রোজাদার ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বাজারে ছোলা, মুড়ি, খেজুর, বুট, জিলাপি, বেগুনি, পিঁয়াজু, আলুর চপ ও হালিমসহ নানা ধরনের মুখরোচক ইফতার সামগ্রী সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে স্থানীয় বেকারি ও হোটেলগুলোতে তৈরি হচ্ছে গরম গরম পিঁয়াজু-বেগুনি ও মুচমুচে জিলাপি। 

সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে অনেক দোকানি পরিচ্ছন্নতার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন।বীরগঞ্জ পৌর শহরের উল্লাস মোড় এলাকার ব্যবসায়ী ফরমান আলী জানান, রমজান মাসে ইফতার সামগ্রীর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। 

ক্রেতাদের চাহিদা পূরণে তারা সকাল থেকেই প্রস্তুতি শুরু করেন। তিনি আরও জানান, বর্তমানে তাদের দোকানে প্রতি কেজি ছোলা বুট ১৬০ টাকা, মুড়ি ৭৫ টাকা, বুন্দিয়া ১৬০ টাকা এবং জিলাপি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পিঁয়াজু ২ টাকা পিস এবং বেগুনি ৩ টাকা পিসসহ হরেক রকমের ইফতার সামগ্রী বিক্রি করছেন তারা।

বাজারে আসা ক্রেতা আব্দুর রহমান জানান, রমজানের আমেজে পরিবারের জন্য পছন্দের ইফতার সামগ্রী কিনতে বাজারে আসা এক ধরনের আনন্দের অংশ। তবে ইফতারের মান বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি কামনা করেন তিনি। সব মিলিয়ে পবিত্র রমজানকে ঘিরে বীরগঞ্জের ইফতারির বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং রোজাদারদের পদচারণায় পুরো বাজার এলাকা মুখর হয়ে উঠেছে।