ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:৩২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব ও আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা বাঙালির আত্মপরিচয়ের মূল ভিত্তি। বীর শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আজ আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে দেশপ্রেমের শিক্ষা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন তার বক্তব্যে একুশকে বাঙালির গৌরবের ইতিহাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একুশের চেতনাই বিশ্ব দরবারে বাংলাদেশকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। তাই মাতৃভাষার সঠিক চর্চা ও এর সংরক্ষণে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জবাসী দিনটি উদযাপন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন