শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-৪ আসনে বিএনপি-জামায়াতের দ্বিমুখী লড়াই

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩০ পিএম

দিনাজপুর-৪ আসনে বিএনপি-জামায়াতের দ্বিমুখী লড়াই

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটারদের মুখে এখন কেবলই ভোটের হিসাব-নিকাশ। নির্বাচনী তথ্যমতে, এ আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন।

মাঠ পর্যায়ের বিশ্লেষণে দেখা গেছে, এই আসনে মূল লড়াই হবে মূলত দ্বিমুখী—বিএনপির ধানের শীষ ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে। বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। 

২০০১ সালে নির্বাচিত হওয়ার পর এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গত ১৭ বছর ধরে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা শীর্ষে রয়েছে। হিন্দু ভোটার ও সাধারণ মানুষের একটি বড় অংশ এবার তাঁর দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব মো. আফতাব উদ্দিন মোল্লাও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। শৃঙ্খলাবদ্ধ ভোট ব্যাংক এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রচারণা জামায়াতকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। ইতোপূর্বে বিএনপি’র সহযোগিতায় দুইবার উপজেলা নির্বাচনে জয়ী হওয়ায় তাঁর ব্যক্তিগত পরিচিতিও বেশ ভালো।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব মো. আনোয়ার হুসাইন নদভী (হাতপাখা) এবং জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ (লাঙ্গল) তাদের সাধ্যমতো প্রচারণা চালালেও মূল আলোচনায় রয়েছেন বিএনপি ও জামায়াত প্রার্থী।

নির্বাচনী উত্তেজনার মাঝে অন্তত ১০-১২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, "নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন থাকবে।"