শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-৪ আসনে ধানের শীষের মনোনয়ন চান সাবেক এমপি আব্দুল হালিম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৭:৫৭ পিএম

দিনাজপুর-৪ আসনে ধানের শীষের মনোনয়ন চান সাবেক এমপি আব্দুল হালিম

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) নির্বাচনী এলাকায় বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। অ্যাডভোকেট আব্দুল হালিম দিনাজপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, চিরিরবন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি,

আইনজীবী ফোরাম দিনাজপুর শাখার সাবেক সভাপতি এবং দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, "আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। আমি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সততা ও নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী দলের কাজ করে আসছি।"মনোনয়ন না পেলেও স্বতন্ত্র নির্বাচন করেননি তিনি তাঁর দীর্ঘদিনের দলীয় আনুগত্যের প্রমাণ দিয়ে বলেন, "আমি দলীয় কোন্দল, চাঁদাবাজী, দখলদারি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই এবং আমার কোনো লোকও জড়িত নহে।" তিনি আরও যোগ করেন, "আমি ইতিপূর্বে মনোনয়ন না পেয়েও দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র নির্বাচন করি নাই।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি চিরিরবন্দর-খানসামা নির্বাচনী এলাকায় হাট-বাজার, পাড়া-মহল্লায় দলীয় লোকজন সাথে নিয়ে এক লাখ ৭৫ হাজার ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন বলে উল্লেখ করেন।আব্দুল হালিম বিনীত অনুরোধ জানিয়ে বলেন, যেহেতু মনোনয়ন বিষয়ে প্রার্থী পরিবর্তন করার দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেহেতু তিনি দিনাজপুর-৪ আসনের একজন ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের কাছে অনুরোধ জানাচ্ছেন।

এ সময় তিনি দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সদরবাসীর প্রতি অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য আব্দুল আউয়াল, দিনাজপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিব উদ্দিন হাসিম, সহিদুল ইসলাম বাদল, আলী জিন্না প্রমুখ।