রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

মো: মামুনুর রশিদ

অক্টোবর ৪, ২০২৬, ১১:৫৭ এএম

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে স্থায়ী নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও খনি শ্রমিকরা। চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ের আলোকে নিয়োগ সম্পন্ন না করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে অর্থের বিনিময়ে নিজস্ব মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা অবিলম্বে চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান। মানববন্ধনে বক্তারা স্পষ্ট করেন যে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করে কর্তৃপক্ষ কোনো ধরনের একতরফা নিয়োগ কার্যকর করতে পারবে না। তারা স্বচ্ছ ও বিধিসম্মত প্রক্রিয়ায় স্থানীয়দের স্থায়ী পুনর্বাসনমূলক নিয়োগের জোর দাবি জানান।

কয়লা খনির প্রধান ফটকে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত তোফায়েল আহমেদ, লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, শ্রমিকদের পক্ষে মাহাবুব হোসেন, তের গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং শ্রমিক এরশাদসহ অন্যরা। সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, তাদের আইনগত ও ন্যায়সংগত অধিকার থেকে বঞ্চিত করে পছন্দের প্রার্থীদের সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। 

অনতিবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তারা। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে তাদের এই ন্যায়সংগত দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীতে বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কার্যক্রম সম্পূর্ণ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।