মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

পাইপলাইনে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল এল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ১২:২০ পিএম

পাইপলাইনে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল এল

ডিপোতে ডিজেল খালাস

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই জ্বালানি তেল ডিপোতে পৌঁছানোর বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন। 

তিনি জানান, পাইপলাইনে সরাসরি আসাম থেকে পার্বতীপুরের ডিপোতে ডিজেল পৌঁছাতে মোট ৬০ ঘণ্টা সময় লেগেছে। আমদানিকৃত এই ডিজেল শুক্রবার সকাল ৮টা থেকে পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানির ডিপোতে স্থানান্তর বা ডিপো করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য যে, কৃষিপ্রধান উত্তরবঙ্গের আটটি জেলায় সেচ মৌসুমে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এই পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। 

২০১৭ সালের ২২ অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছর মেয়াদি একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ২০২৬ সালে সব মিলিয়ে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ। 

এর আগে গত ১১ মার্চ ৫ হাজার মেট্রিক টনের একটি চালান এসেছিল এবং আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধিত চাহিদা মেটাতে আগামী চার মাসের মধ্যে এই পাইপলাইনের মাধ্যমেই অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে বিপিসি। এই পাইপলাইন স্থাপনের ফলে জ্বালানি পরিবহনে সময় ও খরচ হ্রাসের পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষিখাতে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।