এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৩ পিএম
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ১ লাখ মেট্রিক টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার ৪ এপ্রিল অনুষ্ঠিত কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই জ্বালানি ক্রয়ের প্রস্তাবগুলোতে সায় দেওয়া হয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীল দামের মধ্যেই দেশের অভ্যন্তরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় কমিটির সভায় মোট তিনটি প্রস্তাব উত্থাপন করা হলেও তার মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে সম্মতি মিলেছে।
এর মধ্যে ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্লান্ট’-এর পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যদিও ওই প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ৫ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছিল, তবে কমিটি আপাতত ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এর পাশাপাশি সভায় টেবিল প্রস্তাব হিসেবে উত্থাপিত ২ কার্গো এলএনজি ক্রয়ের একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এই এলএনজি মূলত ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’-এর অনুকূলে অনুমোদন দেওয়া হয়েছে।অন্যদিকে, এদিনের সভায় ডিজেল ও অকটেন আমদানির আরও দুটি বড় প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১০ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন অকটেন ক্রয়ের প্রস্তাব।
এছাড়া ওমান থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির একটি প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ রিজার্ভের কথা মাথায় রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে সম্প্রতি সরকারের উচ্চপর্যায়েও আলোচনা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সরকার সাশ্রয়ী ও কার্যকর উৎস থেকে জ্বালানি সংগ্রহের ওপর জোর দিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কাজাখস্তান ও আরামকো থেকে এই জ্বালানি আমদানির ফলে শিল্প উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় সরবরাহে গতি আসবে। আমদানির এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে আগামীতে আরও কিছু বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন