বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

পাইপলাইনে দেশে এল ৪ হাজার টন ডিজেল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:১১ এএম

পাইপলাইনে দেশে এল ৪ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে আরও এক চালান ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে। এই চালানের মাধ্যমে প্রায় চার হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার জ্বালানি তেল দেশে আসল। পাইপলাইন চালুর পর থেকে এটি এই পথ দিয়ে আসা ডিজেলের ৭২তম চালান। মঙ্গলবার বিকেলে জ্বালানি স্থানান্তরের পুরো প্রক্রিয়া শেষ হয়।

পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানিয়েছেন, গত রোববার সকাল ৯টায় ভারত থেকে পাইপলাইনে তেল হস্তান্তরের কাজ শুরু হয়েছিল। টানা প্রক্রিয়ার পর মঙ্গলবার বিকেলে জ্বালানির এই চালানটি নিরাপদে গ্রহণ করা হয়। আমদানিকৃত এই জ্বালানি দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে ভাগ করে দেওয়া হচ্ছে।

২০১৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে মোট ২০ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেয় ঢাকা ও নয়াদিল্লি। পরবর্তীতে ২০২৩ সালের মার্চ মাসে এই আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ পাইপলাইনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। উদ্বোধনের পর থেকে এই পাইপলাইনের মাধ্যমে এখন পর্যন্ত মোট তিন লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল দেশে এসেছে।

জ্বালানি পরিবহনের এই আন্তর্জাতিক পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড় ও নীলফামারীর ওপর দিয়ে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই সংযোগ।