এপ্রিল ২১, ২০২৬, ০৮:৪৮ পিএম
সারা দেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম দিনের পরীক্ষার এই বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। ফলে সারা দেশে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪০৮ জনে। দেশজুড়ে মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে অত্যন্ত কড়াকড়ির মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ৯টি বোর্ডের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে মোট নিবন্ধিত ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। ৯টি সাধারণ বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২ জন পরীক্ষার্থীকে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। ৭৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন এবং বহিষ্কার করা হয়েছে ৪ জন পরীক্ষার্থীকে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। কারিগরি বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩০৭ জন। তবে এই বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত না হলেও অসদুপায় অবলম্বনের দায়ে একজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। সামগ্রিকভাবে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বজায় ছিল এবং প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন