সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৩৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিজের ভোট দিয়ে বেরিয়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে ভোটদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
সাদী হাসান অভিযোগ করে বলেন, প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে নানা রকম সুবিধা দিচ্ছে। তিনি বলেন, “অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কোনো নির্দিষ্ট প্রার্থীকে জেতানোর কৌশল হতে পারে।” তার দাবি, ভোট গণনার জন্য যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটি কোম্পানি থেকে সরবরাহ করা হয়েছে। এ বিষয়ে তারা লিখিত অভিযোগও দিয়েছেন এবং ভোট ম্যানুয়ালি গণনার দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। কিন্তু বুধবার রাত থেকে প্রশাসন ছাত্রশিবির ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে।” সাদী হাসান বলেন, “গতকাল থেকে প্রশাসনের আচরণ পক্ষপাতদুষ্ট। আমাদের অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন উদাসীন।”
ছাত্রদলের এই ভিপি প্রার্থী অভিযোগ করেন, শিবিরের সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, “যারা ’৭১ ও ’২৪ সালে দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে, তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে ছাত্রদলকে জয়যুক্ত করবে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন