রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

শর্ত ভঙ্গ করায় গায়ক মাইনুল আহসান নোবেল কারাগারে

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০১:৪৬ পিএম

শর্ত ভঙ্গ করায় গায়ক মাইনুল আহসান নোবেল কারাগারে

কারাগারে নেওয়া হচ্ছে নোবেলকে

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করেছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর এই আদেশ দেন। 

জামিনের শর্ত ভঙ্গ করে ভুক্তভোগী নারীকে বিয়ে না করা এবং আত্মসাৎ করা টাকা ফেরত না দেওয়ায় আদালতের এই কঠোর সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আদালত আসামির আপসের শর্তে ২ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। শর্ত অনুযায়ী নোবেলের ওই নারীকে বিয়ে করার কথা থাকলেও তিনি মুক্তি পাওয়ার পর তা করেননি। 

এছাড়া আত্মসাৎকৃত টাকাও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেননি। এমতাবস্থায় আইনজীবীরা তাঁর জামিন বাতিলের আবেদন করলে আদালত দীর্ঘ শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলার নথিপত্র থেকে জানা যায়, এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল ধাপে ধাপে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময়ে এই টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। 

পরবর্তীতে টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হন। আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। গত ৭ জানুয়ারি পিবিআই তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানালে আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডেমরা থানা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করেছিল। 

উল্লেখ্য যে, বিতর্কিত এই গায়কের বিরুদ্ধে এটাই প্রথম আইনি জটিলতা নয়। এর আগেও ২০২৫ সালের মে মাসে ধর্ষণ ও মারধরের অভিযোগে একটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় কারাবন্দি অবস্থায় মামলার বাদীকে বিয়ে করার শর্তে তিনি মুক্তি পেয়েছিলেন। তবে বারবার আইনি শর্ত ভঙ্গ এবং প্রতারণার আশ্রয় নেওয়ায় এবার আদালতের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হয়নি। বর্তমানে গায়ক নোবেল ফের কারাগারে স্থানান্তরিত হয়েছেন।