শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
নোবেলের ফেরা

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক

বিনোদন ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১০:৫৫ এএম

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক

বিতর্কের অধ্যায় পেছনে ফেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে নতুন জীবনে থিতু হয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গানের ক্যারিয়ারের চেয়ে গত কয়েক বছরে তিনি বেশি আলোচিত ছিলেন মামলা-মোকদ্দমায় জড়িয়ে। একসময়ের তুমুল জনপ্রিয় এই রকস্টার এখন পুরোদস্তুর সংসারী।

তার ফেসবুক পেজজুড়ে এখন শুধুই পরিবারের ছবি।

মাদক ও নারীঘটিত নানা অভিযোগের পর গত বছরের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা একটি মামলার বাদীকেই বিয়ে করেন এই গায়ক। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গেই সুন্দর জীবন পার করছেন তিনি। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিছুদিন আগেই এক মঞ্চে ছেলেকে প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছিলেন নোবেল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের পরিবারের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন। ভিডিওটি ধারণ করেছেন তার স্ত্রী। আরেকটি ভিডিও টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়ি থেকে পোস্ট করা। সেখানে তিনি ছেলেকে জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটি গেয়ে শোনাচ্ছেন। এছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ বা ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন।

গায়কের এমন দায়িত্বশীল রূপ দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। মন্তব্যের ঘরে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‍‍`সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া‍‍`।

অতীত ভুলে নোবেল যেন গানে মনোযোগ দেন এবং বিতর্কমুক্ত জীবন কাটান, এখন ভক্তদের একটাই চাওয়া। তিনজনকে মিলে সুন্দর করে জীবন গুছিয়ে নেওয়ার বার্তা দিচ্ছেন অনেকেই।