সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৭:০৯ পিএম

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসানে হওয়া যুদ্ধবিরতির পর অবশেষে খুলে দেওয়া হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানিয়েছে, বুধবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এই নৌপথ দিয়ে নিয়মিত জাহাজ চলাচল শুরু হয়েছে। 

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও জল্পনার অবসান ঘটিয়ে প্রথম দফায় দুটি বড় জাহাজ এই প্রণালি অতিক্রম করার খবর পাওয়া গেছে।মেরিন ট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, হরমুজ দিয়ে যাওয়া প্রথম জাহাজ দুটির একটি গ্রিসের এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী। 

গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় সকাল ৮টা ৪৪ মিনিটে সফলভাবে প্রণালিটি পার হয়। এর আগে ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়া লাইবেরিয়ার জাহাজ ‘ডেটোনা বিচ’ সকাল ৬টা ৫৯ মিনিটে এই জলসীমা অতিক্রম করে। 

এই ঘটনার পর বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ পথ ধাপে ধাপে অন্যান্য দেশের জাহাজের জন্যও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর এর সুফল পেতে শুরু করেছে বাংলাদেশও। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এই প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে গন্তব্যের পথে রওনা হয়েছে। বুধবার ভোরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সংকেত পাওয়ার পর জাহাজটি নোঙর তুলে যাত্রা শুরু করে।

 

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটির সর্বশেষ অবস্থান অনুযায়ী, এটি বর্তমানে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩৭ হাজার টন ফসফেট নিয়ে জাহাজটি এখন সম্পূর্ণ নিরাপদ অবস্থানে রয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা ভূ-রাজনৈতিক উত্তজনা ও সামুদ্রিক ঝুঁকির কারণে বাংলার জয়যাত্রার গতিপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে যুদ্ধবিরতির ফলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল হওয়ায় বিশ্ব বাণিজ্যে স্বস্তি ফিরেছে। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।