এপ্রিল ৮, ২০২৬, ০৯:৫৩ পিএম
ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নতুন মাত্রা পেয়েছে। আজ বুধবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ১০০টি বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এই আকস্মিক ও তীব্র হামলায় লেবাননে এখন পর্যন্ত কয়েকশ’ মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল এবার এমন সব এলাকাকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যেগুলোকে প্রথাগতভাবে হিজবুল্লাহর ঘাঁটি বা সংশ্লিষ্ট এলাকা হিসেবে বিবেচনা করা হয় না।
এর ফলে সাধারণ বেসামরিক মানুষের প্রাণহানির হার অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বৈরুত ও এর আশপাশের হাসপাতালগুলোতে বর্তমানে নজিরবিহীন পরিস্থিতি বিরাজ করছে। আহতদের ভিড় ও নিহতদের মরদেহে হাসপাতালগুলো পূর্ণ হয়ে গেছে।
উদ্ধার তৎপরতা সম্পর্কে লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলোতে কাজ করছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বৈরুতের আকাশ বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ইসরায়েলের এই রক্তক্ষয়ী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি একে ‘বর্বর আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেন, ইসরায়েল আবারও প্রমাণ করেছে যে তারা কোনো আন্তর্জাতিক আইন বা মানবিক মূল্যবোধের তোয়াক্কা করে না।
তিনি আরও বলেন, এই হামলা ইসরায়েলের কালিমালিপ্ত ইতিহাসে নতুন একটি কলঙ্কজনক অধ্যায় যোগ করেছে। জোসেফ আউন বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের এই চুক্তিবিরোধী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।অন্যদিকে, ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের নমনীয়তার ইঙ্গিত পাওয়া যায়নি। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি সাফ জানিয়ে দেন যে, হিজবুল্লাহর ওপর হামলা চালানোর ক্ষেত্রে কোনো ধরনের আপস বা বিরতি দেওয়া হবে না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও লেবানন ফ্রন্টে ইসরায়েলের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন