এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে ইরানের একটি বিশাল সুপার ট্যাংকার। ‘আরএইচএন’ নামের এই ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার বা ভিএলসিসিটি বুধবার সফলভাবে পারস্য উপসাগরে প্রবেশ করতে সক্ষম হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
জাহাজ চলাচলের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা এলএসইজি এবং কেপলারের ডেটা বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম এই দানবীয় ট্যাংকারটি যখন হরমুজ পাড়ি দেয়, তখন এটি খালি অবস্থায় ছিল বলে জানা গেছে।
তবে এই মুহূর্তে জাহাজটি ঠিক কোন গন্তব্যে যাচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ দাবি করেছে, ট্যাংকারটি দেশটির ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। যদিও স্বতন্ত্র কোনো সূত্র থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথে ইরান ও পশ্চিমা শক্তির উত্তেজনার মধ্যেই তেহরান থেকে একটি ইতিবাচক বার্তা পাওয়া গেছে। ইরান সরকার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির ওমান-সংলগ্ন পাশ দিয়ে বেসামরিক জাহাজগুলোকে কোনো ধরনের ঝুঁকি ছাড়া চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে। মূলত যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে এই ছাড় দেওয়ার কথা ভাবছে তেহরান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যদি সংঘাত এড়াতে উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারে, তবেই এই বিশেষ অনুমতি কার্যকর হবে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সরু পথটি দিয়ে সরবরাহ করা হয়। ইরান এই পথে কড়াকড়ি আরোপ করায় বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা দেখা দিয়েছিল। তেহরানের এই নতুন প্রস্তাব ও সুপার ট্যাংকারের সফল চলাচল বৈশ্বিক জ্বালানি অর্থনীতিতে স্বস্তি ফেরাতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ওমান উপকূল দিয়ে চলাচলের প্রস্তাবটি কার্যকর হলে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি পাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন