রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে অবরোধ: আটকা পড়েছেন ২০ হাজার নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১০:২৫ এএম

হরমুজ প্রণালিতে অবরোধ: আটকা পড়েছেন ২০ হাজার নাবিক

হরমুজ প্রণালিতে আটকা পড়েছে শত শত জাহাজ।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে চলমান অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে তেল ও গ্যাস ট্যাংকারসহ কয়েকশ জাহাজে প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের অবরোধ ও বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা জাহাজ নিয়ে প্রণালি পার হতে পারছেন না।সামুদ্রিক তথ্য সংস্থা লয়েড’স লিস্ট ইন্টেলিজেন্সের পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাত্র ৮০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

 অথচ চলমান উত্তেজনার আগে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন গড়ে ১৩০টির বেশি জাহাজ যাতায়াত করত। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে সরবরাহ করা হয়।

ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর জানান, তিনি এবং তার নাবিকদল গত আট সপ্তাহ ধরে পারস্য উপসাগরে তাদের ট্যাংকারে আটকা পড়ে আছেন। দীর্ঘ সময় একই স্থানে অবস্থান করার ফলে নাবিকদের মধ্যে মানসিক চাপের সৃষ্টি হচ্ছে। রাহুল ধর আরও জানান, যদিও তারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন এবং মনোবল বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু বর্তমান অনিশ্চয়তা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি হওয়ার খবরে নাবিকরা আশান্বিত হয়েছিলেন। তবে বাস্তবে পরিস্থিতির কোনো বড় ধরনের উন্নতি ঘটেনি এবং জাহাজ চলাচলের ঝুঁকি এখনো কাটেনি। সাধারণত এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হলেও বর্তমান অচলাবস্থায় বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে।

অবরোধের ফলে আটকা পড়া নাবিকদের অধিকাংশের খাবার ও নিত্যপণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। জাহাজগুলো কতদিন এই অবস্থায় থাকবে সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক নৌ-চলাচল সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নাবিকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার অপেক্ষায় রয়েছে।