মে ৯, ২০২৬, ০৯:৩৩ এএম
যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে লিমনের ও বৃষ্টির জন্য নির্ধারিত দুটি চেয়ার খালি রেখে সেখানে তাদের অ্যাকাডেমিক গাউন ও টুপি সাজিয়ে রাখা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবারের ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই বাংলাদেশি শিক্ষার্থীকেও ডিগ্রি দেওয়া হয়েছে। এ বছর ডক্টরাল ডিগ্রিধারী ৩৯৩ জনের তালিকায় লিমন ও বৃষ্টির নাম অন্তর্ভুক্ত ছিল। লিমনের ও বৃষ্টির পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা সনদ গ্রহণ করেন মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানের শুরুতে নিহত এই দুই শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মঞ্চের সামনে নির্ধারিত রেগালিয়া বা অ্যাকাডেমিক পোশাকে সজ্জিত দুটি খালি চেয়ার রাখা হয়। লিমনের ও বৃষ্টির স্মৃতিচারণ করতে গিয়ে এ সময় অনেক সহপাঠী ও শিক্ষককে অশ্রুসিক্ত হতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, লিমন ও বৃষ্টির শিক্ষা জীবনের দীর্ঘ পরিশ্রম ও গবেষণার স্বীকৃতি হিসেবেই এই মরণোত্তর ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিডিওতে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
উল্লেখ্য, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে লিমনের দেহাবশেষ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর দুই দিন পর একই এলাকার একটি ম্যানগ্রোভ বন থেকে উদ্ধার করা হয় বৃষ্টির দেহাবশেষ।এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে কারাগারে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন