ডিসেম্বর ৪, ২০২৫, ১০:১৪ পিএম
যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদনের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে। ইউনিভার্সিটি অব চেস্টার, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটির মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো এই তালিকায় রয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এই খবর নিশ্চিত করেছে। মূলত যুক্তরাজ্য সরকার কর্তৃক সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নিয়মকানুন কঠোর করার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রমাণ করতে হবে যে শিক্ষার্থীরা আসলেই উচ্চ শিক্ষার জন্য সে দেশে যাচ্ছে।
এবং শিক্ষার্থী ভিসাকে চোরাপথ হিসেবে কাজে লাগিয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করছে না। যুক্তরাজ্যের হোম অফিসের জারি করা নতুন নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার ৫ শতাংশের নিচে থাকতে হবে, যা আগে ছিল ১০ শতাংশ। এর পাশাপাশি, ভর্তির অনুমতি পাওয়া শিক্ষার্থীরা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন কি না এবং কোর্স শেষ করলেন কি না, তাও নিশ্চিত করার নিয়মে কঠোরতা এনেছে ইউকে হোম অফিস। কোনো বিশ্ববিদ্যালয় এসব নিয়ম না মানতে পারলে তারা আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লাইসেন্সও হারানোর ঝুঁকিতে পড়তে পারে।
এখানেই সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ক্ষেত্রে। গত এক বছরে (২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত) এই দুই দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যুক্তরাজ্যে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার হার নির্ধারিত সীমার চেয়ে অনেক ওপরে। বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যা ২২ শতাংশ এবং পাকিস্তানের ক্ষেত্রে ১৮ শতাংশ। ফাইন্যান্সিয়াল টাইমস জানাচ্ছে, এই এক বছরে বিশ্বজুড়ে যে ২৩ হাজার ৩৬ জন শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ইউকে হোম অফিস, তার অর্ধেকই এই দুই দেশের শিক্ষার্থী।
এই কারণে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই দুই দেশের শিক্ষার্থীদের ভর্তির আবেদন সাময়িকভাবে স্থগিত করে রাখছে। ইউনিভার্সিটি অব চেস্টার ২০২৬ সালে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ করবে না, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থী নেবে না। এছাড়া সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি ইউনিভার্সিটি বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের আবেদনে নিষেধাজ্ঞা জারি করেছে।
ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার এবং অক্সফোর্ড ব্রুকসও ২০২৬ সালে এই দুই দেশের শিক্ষার্থীদের আবেদন নেবে না বলে জানিয়েছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের এবং গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ২০২৫ সালের সেপ্টেম্বর ইনটেইকে দুই দেশের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ বন্ধ রেখেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন