মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

আবারও কাতার-কুয়েত-আরব আমিরাতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:৫৯ পিএম

আবারও কাতার-কুয়েত-আরব আমিরাতে হামলা

পারস্য উপসাগরে নিরাপত্তা জোরদার।

ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। রোববার (১০ মে) সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দেশটির দিকে ছুড়ে মারা দুটি ইরানি ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে। এর আগে রাতভর কুয়েতমুখী ড্রোন হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে কাতারের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইলে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, আঘাতের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। 

ডয়চে ভেলের প্রতিবেদনে ব্রিটিশ সামরিক বাহিনীর এই সংস্থাটির বিবৃতি উল্লেখ করা হয়েছে।ইউকেএমটিও জানায়, প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে ছোট আকারের আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।বিগত এক সপ্তাহ ধরে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো বারবার এই ধরনের হামলার মুখে পড়ছে। যদিও এই অঞ্চলে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। নতুন করে এই হামলাগুলো শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এসব হামলার ধরণ ও প্রযুক্তিগত দিক বিবেচনা করে ইরানকে দায়ী করা হচ্ছে। তবে তেহরানের পক্ষ থেকে এ ধরনের কোনো হামলার দায় স্বীকার বা আনুষ্ঠানিক মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন ও মিত্র জোটের নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।