মে ২৬, ২০২৬, ০৩:৪৩ পিএম
সৌদি আরবের আরাফার ময়দানে শুরু হয়েছে পবিত্র হজের খুতবা। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে মসজিদে নামিরাহ থেকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। বিশ্বের লাখো মুসল্লির উপস্থিতিতে ঐতিহাসিক এই ময়দান এখন লাব্বাইক ধ্বনিতে মুখর।
আরাফা দিবসের এই খুতবা হজ পালনের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা।মক্কা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই প্রান্তরে বিদায় হজের সময় মহানবী (সা.) তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
সেই স্মৃতি ও পবিত্রতা ধারণ করে প্রতি বছরের মতো এবারও হাজিরা সমবেত হয়েছেন। মুসল্লিরা সকাল থেকে জাবালে রহমতের পাদদেশসহ নির্ধারিত সীমানায় অবস্থান করছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে তারা কুরআন তিলাওয়াত ও প্রার্থনায় মশগুল রয়েছেন।
এ বছর বাংলাসহ মোট ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে।টানা সপ্তম বছরের মতো বাংলা ভাষায় হজের খুতবা শোনা যাচ্ছে। অনুবাদ কার্যক্রমে রয়েছেন উম্মুল কুরা ইউনিভার্সিটির চারজন অভিজ্ঞ আলেম।
খুতবা শেষে হাজিরা সুন্নাহ অনুযায়ী জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। দিনশেষে সূর্যাস্তের পর তারা রওনা দেবেন মুযদালিফার উদ্দেশে। সেখানে রাত্রিযাপন ও পাথর সংগ্রহের আনুষ্ঠানিকতা পালন শেষে মিনার অভিমুখে যাত্রা শুরু হবে।পুরো আয়োজনটি এখন কেন্দ্রীয় নজরদারিতে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন