মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

কঠিন সময়ে মুসলিম উম্মাহকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৪:৪৯ পিএম

কঠিন সময়ে মুসলিম উম্মাহকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি

কঠিন সময়ে মুসলিম উম্মাহকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। মঙ্গলবার আরাফার ময়দানে মসজিদে নামিরাহ থেকে দেওয়া হজের খুতবায় তিনি পারস্পরিক সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন। 

বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।হজের খুতবা শুনতে সমবেত হয়েছিলেন লাখো হজযাত্রী।খুতবায় শায়খ আল-হুদাইফি উপস্থিত হাজিদের আল্লাহর প্রতি ভয় ও তাকওয়া অর্জনের পরামর্শ দেন। 

পরকালে মুক্তি লাভের জন্য একত্ববাদ বা তৌহিদে অটল থাকার গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি। হাজিদের দৈনন্দিন জীবনে সততা বজায় রাখা এবং মিথ্যাচার কিংবা গিবতের মতো মন্দ অভ্যাস থেকে দূরে থাকার নসিহত করেছেন তিনি।

খুতবা শেষে মুসলিম বিশ্বের সার্বিক উন্নতি ও শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।ইমাম শায়খ আল-হুদাইফি মোনাজাতে হজযাত্রীদের ইবাদত কবুল করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তাদের যাত্রা নির্বিঘ্ন করে নিরাপদে নিজ নিজ দেশে ফেরার তৌফিক কামনায় দোয়া করেন তিনি। 

খুতবা সমাপ্ত হওয়ার পর হাজিরা নামিরাহ মসজিদে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন। পরবর্তীতে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।ঐতিহাসিক এই স্থানটি মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণের সাক্ষী হয়ে আছে।