রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩ হাজার ৩২৪

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২৬, ১০:৩০ এএম

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩ হাজার ৩২৪

লেবাননে গত ১৭ এপ্রিলের পর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, মার্চ মাস থেকে তারা প্রায় আড়াই হাজার হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

এর মধ্যে ৮০০ জন নিহত হয়েছেন যুদ্ধবিরতি ঘোষণার পর।ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে গত মাসে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তা বাস্তবে কখনোই মেনে চলা হয়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। 

হিজবুল্লাহর সংসদীয় দল লেবানন কর্তৃপক্ষকে ইসরাইলের সাথে সরাসরি আলোচনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, ইসরাইল এই সামরিক আলোচনাকে নিজেদের আগ্রাসনের সুবিধার্থে ব্যবহারের চেষ্টা করছে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, বুধবার প্রায় ৬৭০টি ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণ করা হয়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। লেবাননের রাজধানী বৈরুতের কাছে ইসরাইল নতুন করে এক প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলায় তিন শিশুসহ অন্তত ১৪ জন নিহত হন। 

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার জেরে এই সংঘাত আরও তীব্র রূপ নেয়।পেন্টাগনে সামরিক প্রতিনিধি দলগুলোর মধ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চতুর্থ দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র উভয় পক্ষকে দ্রুত সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন।

আল-জাজিরা