মে ২৯, ২০২৬, ১০:৩৬ এএম
নয় মাস বয়সী এক শিশুর ফুসফুস থেকে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তারসহ একটি এলইডি বাল্ব বের করা হয়েছে। ভারতের পুনের আর্মি ইনস্টিটিউট অব কার্ডিও-থোরাসিক সায়েন্সেস হাসপাতালে এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি করা হয়। শিশুটি খেলার ছলে বিপজ্জনক এলইডি বাল্বটি গিলে ফেলেছিল যা তার বাম ফুসফুসে গিয়ে আটকে যায়।
চিকিৎসকদের সফলতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুটি।বিশেষজ্ঞ চিকিৎসকেরা অত্যন্ত জটিল ব্রঙ্কোস্কোপিক পদ্ধতির মাধ্যমে ফুসফুসের শ্বাসনালীর গভীরে আটকে থাকা ওই বাল্বটি অপসারণ করেছেন।
ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফলতার খবরটি নিশ্চিত করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন যে বস্তুটির কারণে শিশুটির জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল। যেকোনো সময় তার শ্বাসনালী সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
তবে অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। কোনো ধরনের বড় জটিলতা ছাড়াই শিশুর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অস্ত্রোপচার সফল হওয়ার পর চিকিৎসকেরা শিশুটির শ্বাসনালী থেকে বের করা ছোট্ট লাল রঙের এলইডি বাল্বটির ছবি প্রকাশ করেছেন।
সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে আগের ও পরের দুটি এক্স-রে ছবিও প্রকাশ করা হয়েছে।সেখানে দেখা গেছে কীভাবে বাল্বটি শ্বাসতন্ত্রের ভেতরে আটকে ছিল। এই সফল অস্ত্রোপচারের পর হাসপাতালজুড়ে চিকিৎসকদের প্রশংসায় ভাসিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: এনডিটিভি


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন