মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে অন্যরকম এক ঈদ

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২৬, ১১:৫১ এএম

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে অন্যরকম এক ঈদ

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডের পরিবর্তে এবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই প্রধান জামাতের আয়োজন করা হয়। রাজ্য সরকারের নতুন নীতিমালার কারণে কলকাতার বাইরে অন্য জেলাগুলোতেও রাস্তায় জামাত করার ওপর আইনি নিষেধাজ্ঞা ছিল।

কলকাতার বেশ কিছু এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি দেখা গেছে।রাজ্যের নতুন নির্দেশনায় ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন কঠোরভাবে কার্যকর করার কারণে এবার প্রকাশ্যে পশু কোরবানি বন্ধ ছিল। 

নির্দিষ্ট কসাইখানায় স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে পশু জবাইয়ের নিয়ম করায় মাঠপর্যায়ে গবাদি পশু কেনাবেচায় বড় ধরনের মন্দা দেখা গেছে। অনেক ব্যবসায়ী ও ক্রেতা আইনি জটিলতার আশঙ্কায় এবার কোরবানি থেকে বিরত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কলকাতার বিখ্যাত টিপু সুলতান মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের বাইরে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়।

বিগত বছরগুলোতে রেড রোডের ঈদের জামাতে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেখা গেলেও এবার ব্রিগেডের মাঠে কোনো নেতা-মন্ত্রী উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানালেও ধর্মীয় মঞ্চটিকে রাজনৈতিক ছোঁয়া থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়েছিল। নতুন স্থানে নামাজ পড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাধারণ মুসল্লিরা। 

ট্র্যাফিক জ্যাম এড়াতে অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রবীণ নাগরিকেরা রেড রোডের পুরনো স্মৃতির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।নিরাপত্তা ও নতুন বিধিনিষেধের কারণে এবার অনেক বাসিন্দা ঝুঁকি এড়াতে পাড়ার স্থানীয় মসজিদগুলোতেই নামাজ আদায় করাকে শ্রেয় মনে করেছেন। সামগ্রিকভাবে কড়া প্রশাসনিক নজরদারির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এবারের কোরবানির ঈদ উদযাপিত হলো।

বিবিসি বাংলা