শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাংককে টানা বৃষ্টিতে বন্যা: দুর্যোগকবলিত এলাকা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৭:২১ পিএম

ব্যাংককে টানা বৃষ্টিতে বন্যা: দুর্যোগকবলিত এলাকা ঘোষণা

টানা ভারী বৃষ্টিপাতের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট আনুষ্ঠানিকভাবে এই জরুরি ঘোষণা দেন।

গত ৪৮ ঘণ্টায় রাজধানী শহরটিতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণের ফলে শহরের প্রধান সড়কগুলোর বড় একটি অংশ জলমগ্ন হয়ে পড়েছে এবং একাধিক স্থানে যানবাহন সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। বহু এলাকায় স্থানীয় বাসিন্দাদের কোমরসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট সতর্ক করে জানিয়েছেন, এই পরিস্থিতি মানুষের জীবন ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। তিনি জানান, সরকারি অবকাঠামো এবং ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শহরের প্রধান প্রধান খালের সংলগ্ন নিচু এলাকাগুলোর পরিস্থিতি সবচেয়ে বেশি আশঙ্কাজনক রূপ নিয়েছে। আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহের শেষভাগে আরও ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়ায় প্লাবন পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় থাই সেনাবাহিনী ইতিমধ্যে দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র এবং ভ্রাম্যমাণ রান্নাঘর স্থাপনের কার্যক্রম শুরু করেছে। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করেছে। স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না বের হতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে খালের কাছাকাছি নিচু অঞ্চলে বসবাসকারীদের নিজেদের মূল্যবান সামগ্রী নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কায় শহরের সুপারশপগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি ব্যাপক হারে বেড়েছে। অনেক বাসিন্দা জরুরি খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে মজুত করতে শুরু করেছেন। ব্যাংককের ১৯ বছর বয়সী তরুণ সানসুক লাওয়াতচারাকুল উদ্বেগ প্রকাশ করে জানান, পরিবার পাশে না থাকায় একা এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তাঁর ছিল না এবং আগে থেকে খাদ্য মজুত না করায় তিনি চিন্তিত। 

আরেক বাসিন্দা সুপ্পাকর্ন জুলাভিজিতফং একটি প্লাবিত আবাসিক ভবন থেকে নিজের মালামাল সরিয়ে নেওয়ার সময় জানান, প্রাতিষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার আগে তিনি পরিস্থিতির ভয়াবহতা পুরোপুরি অনুধাবন করতে পারেননি।

এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ব্যাংককের প্রধান আকাশপথের কেন্দ্র সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পর্যটন কর্তৃপক্ষ যাত্রীদের বাড়তি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। সড়কপথে তীব্র জলাবদ্ধতা ও যানজট বিবেচনায় রেখে বিমানবন্দরে পৌঁছানোর জন্য স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত নভেম্বরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।