সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

সংবিধান দলীয় স্বার্থের ওপরে থাকা উচিত: সামান্তা শারমিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৪:৪৪ পিএম

সংবিধান দলীয় স্বার্থের ওপরে থাকা উচিত: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের সংবিধান এবং আইনি কাঠামোকে অবশ্যই যেকোনো দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব এবং জবাবদিহি করার যে মৌলিক রূপান্তর, তা এখনো ঘটেনি।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রমের দিকে ইঙ্গিত করে তিনি দলটির রাজনীতির কঠোর সমালোচনা করেন। সামান্তা শারমিন বলেন, জামায়াতের কার্যক্রম দিয়ে এটা স্পষ্ট বোঝা যায় যে, তাদের আসলে নিজেদের স্বার্থগত চিন্তা ছাড়া বৃহত্তর কোনো রাজনৈতিক দর্শন বা উদ্দেশ্য নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়েও কথা বলেন এনসিপির এই নেত্রী। তিনি উল্লেখ করেন, কমিশন ও নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো বর্তমানে কেবল সাংবিধানিক আলোচনার মধ্যেই আটকে আছে। তিনি মনে করেন, যদি সরকারের সদিচ্ছা থাকে, তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই নির্বাচন কমিশন, পুলিশ কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সক্ষম ও স্বচ্ছ করে তোলা সম্ভব।

তিনি বর্তমান নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এমন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সামান্তা শারমিন আরও বলেন, এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একত্রিত হওয়া এবং দলগুলোর মধ্যকার সংলাপ।