ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৩৬ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নগদ টাকা বহন নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করার পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ভোটের সময় নগদ টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা নেই, তবে শর্ত হলো অর্থের উৎস বৈধ হতে হবে।
ইসি সচিব স্পষ্ট করে বলেন, “টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে ৫০ লাখ নয়, কেউ চাইলে ৫ কোটি টাকাও নগদ বহন করতে পারেন। এতে নির্বাচন কমিশনের কোনো বাধা নেই। তিনি উল্লেখ করেন, ব্যবসায়িক বা ব্যক্তিগত জরুরি প্রয়োজনে মানুষ টাকা বহন করতেই পারে, সেটিকে নির্বাচনী অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।
তবে সচিব সতর্ক করে দেন যে, এই অর্থের ব্যবহার কোথায় হচ্ছে, সেটাই মূল বিবেচ্য। তিনি বলেন, “যদি প্রমাণিত হয় যে ওই টাকা ভোটে কাউকে প্রভাবিত করার কাজে বা ভোট কেনার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তবে সেটি নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে।” এ ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য মাঠে রয়েছে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’।
আর যদি টাকার উৎস অবৈধ হয় বা কালো টাকা হিসেবে প্রমাণিত হয়, সেক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। জামায়াত নেতার আটকের ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তিনি টাকার বৈধ উৎস দেখাতে পারলে আইনি জটিলতা থাকবে না বলেও ইঙ্গিত দেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন