আগস্ট ২৩, ২০২৬, ১০:৫৯ এএম
জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার সকালে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। বিগত বছরগুলোতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল উল্লেখ করে তিনি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।
সচিবালয়ে প্রথম দিনেই মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন নতুন মন্ত্রী।মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি করা হয়েছে এবং সেই পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সুনির্দিষ্ট সময়ের প্রয়োজন।
দেশকে একটি নতুন ও উন্নত ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি মুক্ত গণমাধ্যমের পক্ষে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে তথ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, জনস্বার্থে সঠিক তথ্য প্রচার এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন