সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৬:১৩ পিএম
গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে শিল্প-কারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে। সম্প্রতি ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের পরই এই ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বুধবার রাত থেকে চাপ বাড়তে শুরু করায় দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নগরজীবনে স্বাভাবিক ছন্দ ফিরে আসছে।
লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি অনেকটাই কমে গেছে। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে এই পরিবর্তনের স্পষ্ট প্রমাণ মিলেছে। কয়েক দিন আগেও যেখানে গ্যাসের জন্য দীর্ঘ কয়েক ঘণ্টা যানবাহনের সারি অপেক্ষা করতে দেখা যেত, সেখানে এখন কোনো অস্বাভাবিক ভিড় নেই। চালকরা স্টেশনে ঢোকার কিছুক্ষণের মধ্যেই চাহিদা অনুযায়ী গ্যাস নিতে পারছেন।
পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, জাতীয় গ্রিডে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে নিয়মিত উত্তোলন বজায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এর সরাসরি সুফল মিলছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভারী শিল্প-কারখানা, আবাসিক খাত ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে।
রাজধানীর মানিকনগরের বেস্ট ইস্টার্ণ সিএনজি ফিলিং স্টেশন, বকশীবাজারের সোনারবাংলা সিএনজি স্টেশন এবং গাবতলীর যমুনা সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনে সরেজমিনে গিয়ে স্বাভাবিক সরবরাহ দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মীরা জানান, গতকাল রাতের পর থেকে গ্যাসের চাপ ক্রমান্বয়ে বেড়েছে এবং বর্তমানে যানবাহনের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে কোনো সমস্যা হচ্ছে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন