সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:১২ এএম
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের কূটনৈতিক সফর শেষে নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ অধিবেশনে এটি ছিল তার প্রথম অংশগ্রহণ। অধিবেশনে অংশ নিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের সফরে এক শহরে অবস্থান করলেও একাধিক আন্তর্জাতিক ও কূটনৈতিক ফ্রন্টে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন তিনি। সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে নীতিগত বক্তব্য তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধ, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা সংক্রান্ত একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনায় অংশ নেন সরকারপ্রধান।
অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক অংশীদারিত্ব, জলবায়ু অভিযোজন এবং রোহিঙ্গা পুনর্বাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক উঠে আসে। সফরের শেষ দিনেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত ছিল। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগান আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী, যেখানে বাংলাদেশের বাজার, অভ্যন্তরীণ বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পায়।
শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় জুমার নামাজের পর ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান। একই দিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সফরের সামগ্রিক অর্জন ও তৎপরতা নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এরপরই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এমিরেটস এয়ারলাইনসের বিমানে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন