আতিউর রহমান
ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৪৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে বিরল পৌরশহরে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ এই দাবি নিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান ও নারীদের বিক্ষোভসহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাতে প্রতিবাদের অংশ হিসেবে বিরল পৌরশহরের বিরল বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
মশাল মিছিলে নেতৃবৃন্দ দলীয় প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করার জোর দাবি জানান। তাঁরা বিকল্প হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ জলিল।
জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু অথবা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম—এই ত্যাগী নেতাদের মধ্য থেকে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন, দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে তাঁদের প্রতিবাদ কর্মসূচি আরও কঠোর হবে।