শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-২ আসনে ধানের শীষে সাদিক রিয়াজের মনোনয়ন সংগ্রহ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৫৭ পিএম

দিনাজপুর-২ আসনে ধানের শীষে সাদিক রিয়াজের মনোনয়ন সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিনের কাছ থেকে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তাঁর সঙ্গে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন,

গণতন্ত্র ও জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের লড়াই হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিরল ও বোচাগঞ্জবাসীকে সাথে নিয়ে ধানের শীষের জয় নিশ্চিত করা হবে।” তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া মিলছে।