আতিউর রহমান
ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে লড়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিরল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিরল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিকরুল হকের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-২ আসনে নির্বাচনী লড়াইয়ের আমেজ বাড়ছে। অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল ছাড়াও এ আসনে এ পর্যন্ত আরও চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন—দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু।সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকারম হোসেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিকরুল হক নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত এ আসনে মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিরল ও বোচাগঞ্জ এলাকায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।