ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৪৯ পিএম
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েই চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা ও শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ১১৬টি কেন্দ্রের সবকটিতে জয় পাওয়ার পর এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহ তার বক্তৃতায় স্পষ্ট করে বলেন যে দেবিদ্বারের মাটিতে এখন থেকে কোনো ধরনের টেন্ডারবাজি বা অবৈধ লেনদেন বরদাশত করা হবে না।
বিজয় পরবর্তী বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন আজ এই মুহূর্ত থেকে দেবিদ্বারে চাঁদার কবর ঘোষণা করলাম। সরকারি অফিস-আদালতে আর কোনো ঘুষ বা অনিয়ম চলবে না।
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন যারা এখানে চাকরি করতে আসবেন তারা যেন সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আসেন। ঘুষের চিন্তা করলে দেবিদ্বারে তাদের জায়গা হবে না। এমনকি তার বাবাও যদি কোনো অন্যায় কাজ নিয়ে আসে তবে তাকে বেঁধে রাখার জন্য সমর্থকদের নির্দেশ দেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন তার নাম বা ছবি ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কাজ করার চেষ্টা করে তবে তাকে সাথে সাথে পুলিশের হাতে তুলে দিতে হবে। তিনি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে ঘোষণা করেন যে যারা তার বিরুদ্ধে নির্বাচনে ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। নিয়মের মধ্যে থাকলে রাজনৈতিক পক্ষ-বিপক্ষ সবাই তার কাছে নিরাপদ থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
স্থানীয় ব্যবসায়ী সিএনজি স্টেশন মালিক এবং সাধারণ পেশাজীবীদের উদ্দেশ্যে হাসনাত বলেন সরকারি নির্ধারিত ফি ছাড়া আর এক টাকাও কোথাও দেবেন না। মাদক টেন্ডার সিন্ডিকেট এবং গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িতদের দিন শেষ বলে তিনি উল্লেখ করেন। তবে যারা ভুল পথ থেকে ফিরে আসতে চান তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দেবিদ্বারে একটি বৈষম্যহীন ও ইনসাফের সমাজ গড়ার মধ্য দিয়েই তার এই রাজনৈতিক যাত্রা সফল হবে বলে তিনি মনে করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন