এপ্রিল ৪, ২০২৬, ০৬:৩৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে দেওয়া জনগণের রায় অমান্য করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
বক্তৃতাকালে আখতার হোসেন দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও সংবিধান সংস্কার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, আমরা আগে থেকেই সংস্কার পরিষদের কথা বলে আসছি এবং এটি কোনো নতুন দাবি নয়।
ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের একটি টেকসই পরিবর্তনের লক্ষ্যে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। সেখানে সংশোধনের পরিবর্তে আমূল সংস্কারের বিষয়ে সব পক্ষই ঐকমত্য পোষণ করেছিল।
সরকারের বর্তমান অবস্থানের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লোভে সরকার এখন জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। দেশ পরিচালনায় সংবিধানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, আমরাও মনে করি দেশ চালাতে সংবিধান প্রয়োজন। তবে সেটি ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান হলে চলবে না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেটি হতে হবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা একটি প্রকৃত জনগণের সংবিধান।
আখতার হোসেন তাঁর বক্তব্যে আরও দাবি করেন যে, সরকার সংস্কার বা গণভোট আয়োজন করতে ভয় পাচ্ছে। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তারা পুরো বাংলাদেশকে এক ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটের রায় মেনে নিলে সরকারের একক কর্তৃত্ব থাকবে না এবং রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক পরিবর্তন নিশ্চিত হবে। কিন্তু জনগণের স্পষ্ট মতামতকে তোয়াক্কা না করে ক্ষমতার মসনদে বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না বলে তিনি সতর্ক করে দেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছিল, তা থেকে বিচ্যুত হলে জাতি বড় সংকটে পড়বে। তাই সময় থাকতেই সরকারকে জনগণের ভাষা বুঝে সংবিধান সংস্কার ও গণভোটের পথে হাঁটার আহ্বান জানান এই সংসদ সদস্য। রাজনৈতিক এই সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন