রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

১৪৪ ধারা জারির মধ্যেও হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৫:০৩ পিএম

১৪৪ ধারা জারির মধ্যেও হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও সেখানে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। গত মঙ্গলবার দলটির পদযাত্রায় হামলার ঘটনার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 

এতে সারজিস আলমসহ অন্তত বিশজন নেতাকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা একটি ব্যাংকে আশ্রয় নেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে যান। এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করে। 

তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞার মধ্যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এর আগে নাসিরউদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা সেখানে অবস্থান করছিলেন।এদিকে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছানোর পর হবিগঞ্জে আসবেন। তবে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

পরিবর্তে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।অন্যদিকে যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কার্যক্রমে শালীনতা ও সংযম বজায় রাখা উচিত এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি কাম্য নয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।