বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি মেনে নেওয়া হবে না: আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৭:৫২ পিএম

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি মেনে নেওয়া হবে না: আসিফ মাহমুদ

বিশ্বের যেকোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার আগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট করেছেন, তাদের অবস্থান কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে।

আমরা ভারতবিরোধী নই, বরং আধিপত্যবিরোধী।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ: দিল্লি আধিপত্যবাদ প্রসঙ্গ’ শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আসিফ মাহমুদ বলেন, আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে কেবল মৌখিক বক্তব্য ও আনুষ্ঠানিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ রাখলে ইতিবাচক পরিবর্তন আসবে না। রাষ্ট্রীয় পর্যায়ের যেকোনো নীতিনির্ধারণে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের বাস্তব প্রতিফলন নিশ্চিত করতে হবে।

কোনো আন্তর্জাতিক অংশীদারত্বের ক্ষেত্রে ঝুঁকি না থাকলে আপত্তি নেই জানিয়ে তিনি উল্লেখ করেন, অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি যদি বাংলাদেশের জন্য স্পষ্টত লাভজনক হয় এবং তাতে বড় ধরনের নিরাপত্তা বা কৌশলগত ঝুঁকি না থাকে, তবে তা করা যেতে পারে। কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো অসম চুক্তি বা নতজানু সম্পর্কের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই।

আধিপত্যবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি আবরার ফাহাদের নির্দেশিত আদর্শ তুলে ধরেন। আসিফ মাহমুদের ভাষ্য, আবরার ফাহাদের ‘আট স্তম্ভ’-এর মধ্যে থাকা গণতন্ত্র ও গণপ্রতিরোধের মতো মৌলিক ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়া জরুরি। এসব নীতি কার্যকর করা গেলে ভবিষ্যৎ বাংলাদেশে আধিপত্যবাদবিরোধী লড়াই টেকসই রূপ পাবে।

একই সভায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আবরার ফাহাদ নিজের জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। দেশের স্বার্থ রক্ষার পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই তাকে পরিকল্পিত ও নির্মমভাবে প্রাণ দিতে হয়েছিল।

অভিন্ন নদীর অধিকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আখতার হোসেন বলেন, আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা আদায় করা বর্তমান ও আগামী দিনের সরকারের জন্য অন্যতম প্রধান জাতীয় পরীক্ষা। গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীর ক্ষেত্রে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতেই হবে।

সীমান্ত হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, সীমান্ত রক্ষার যুক্তি দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ভারতসহ যেকোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মূল ভিত্তি হতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও সাধারণ জনগণের নিরঙ্কুশ স্বার্থ রক্ষা।