এপ্রিল ৩০, ২০২৬, ০২:০৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট দেশব্যাপী ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। মূলত গণভোটের রায়ের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংবিধানের মৌলিক সংস্কারের দাবিতে এই বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে হামিদুর রহমান আযাদ এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রামে দ্বিতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর এবং ১৮ জুলাই বরিশালে সমাবেশ পালন করবে জোটটি। সবশেষে আগামী ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হবে।
লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায়ের মাধ্যমে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, তার আলোকে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং সংবিধানের আমূল সংস্কার প্রয়োজন।
এই দাবিগুলো সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবং আন্দোলনকে বেগবান করতে এই নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগীয় শহরগুলোতে ১১ দলের জোটের স্থানীয় শাখাগুলো সমাবেশের প্রস্তুতি গ্রহণ করবে। এসব সমাবেশে জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন। মূলত জুলাই বিপ্লবের চেতনা এবং পরবর্তীতে অনুষ্ঠিত গণভোটের রায়ের বাস্তবায়নকে এই কর্মসূচির মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।
বৈঠকে জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা মনে করছেন, এই বিভাগীয় সমাবেশগুলোর মাধ্যমে রাজপথে জনমত গঠনের পাশাপাশি সরকারের ওপর দাবি আদায়ের চাপ সৃষ্টি করা সম্ভব হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন