সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:৫৫ পিএম
গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করে বিএনপি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা করছে বলে তীব্র অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি দাবি করেছেন, শাসক দলটি গণভোটের রায় অস্বীকার করার পাশাপাশি শপথ গ্রহণ না করে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের একটি হোটেলের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১১ দলীয় জোটের পক্ষ থেকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবার জনগণের স্পষ্ট রায় বাস্তবায়নের দাবি জানানো হলেও সরকার নানা অজুহাতে তা উপেক্ষা করে যাচ্ছে। সরকারের এই অবস্থানের প্রতিবাদে এর আগে সংসদ কক্ষ থেকেও ওয়াকআউট করেছিল বিরোধী দলগুলো। কিন্তু বারবার প্রতিবাদের পরও সরকারের পক্ষ থেকে কোনো কর্ণপাত না করায় তারা বাধ্য হয়ে রাজপথের বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। দাবি আদায়ে রাজপথে নামার অংশ হিসেবে ঢাকা-রংপুর লংমার্চের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ টি এম আজহারুল ইসলাম জানান, গণভোটের ঐতিহাসিক রায় বাস্তবায়নসহ মোট আট দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের রংপুর অভিমুখে লংমার্চ পরিচালনা করবে ১১ দলীয় জোট। সরকারের উচিত কালক্ষেপণ না করে অবিলম্বে জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তা দ্রুত কার্যকর করা। সরকার ইতিবাচক সাড়া না দিলে দেশজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল এবং নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ এবং এনসিপির সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন