মে ১৪, ২০২৬, ০৪:১৮ পিএম
জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে দেশের ১২টি সিটি করপোরেশনের জন্য ১২ জন মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করেছে দলটি।বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, স্থানীয় শাখাগুলো থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই করে এই সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
ইতোমধ্যে চারটি সিটির প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দলের বিভিন্ন বিভাগীয় সমাবেশ থেকে তাদের নাম ঘোষণা করা হয়েছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের মহানগর শাখার আমির আব্দুল জব্বার।
তিনি এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর সিটি করপোরেশনে দলটির প্রার্থী হচ্ছেন হাফিজুর রহমান। বর্তমানে তিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াত প্রার্থী করছে চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে। তিনি বিগত সংসদ নির্বাচনেও একটি আসনে দলের প্রার্থী ছিলেন। রংপুর সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন মহানগর আমির এ টি এম আজম খান।রাজধানীর দুই সিটির মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আলোচনায় রয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক (সাদিক কায়েম)।
বাকি সিটি করপোরেশনগুলোর জন্যও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দলের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ১১-দলীয় ঐক্যের অংশ হিসেবে নির্বাচন করলেও সিটি করপোরেশনে তারা এককভাবেই লড়তে চায়।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনে কিছু এলাকায় ১১-দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে সমঝোতা হতে পারে। তবে সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতিই চূড়ান্ত করা হয়েছে। ঐক্যের অন্তর্ভুক্ত অন্য দলগুলোও নিজ নিজ প্রার্থী দিতে পারবে বলে দলের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন