শেখ ফজলুল করীম মারুফ
মে ১৬, ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ফারাক্কা বাঁধের ক্ষতিকর সামাজিক, আর্থিক ও মানবিক অভিঘাত সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। Saturday (১৬ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক অনুষ্ঠানে এই তাগিদ দেওয়া হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
সংগঠনের জেলা শাখার প্রশিক্ষণ ও সহ-প্রশিক্ষণ সম্পাদকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।ইউনুস আহমদ বলেন, ভারতীয় আধিপত্যবাদ গোটা দক্ষিণ এশিয়ার জন্য ক্ষতিকর হিসেবে প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ যুগের পর যুগ এর বহুমাত্রিক ক্ষতির শিকার।
ভারতের পানি আগ্রাসনের কারণে দেশের কোটি কোটি মানুষ জীবন ধারণের প্রাথমিক শর্ত পূরণে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। এই আগ্রাসনের অন্যতম প্রধান অস্ত্র ফারাক্কা বাঁধের কারণে নদীমাতৃক বাংলাদেশ এখন মরুভূমিতে পরিণত হচ্ছে এবং এর বিরুদ্ধে সুদৃঢ় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের মানুষের রাজনৈতিক সংগ্রাম এখনো শেষ হয়নি। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন না হওয়ায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সর্বস্তরের মানুষকে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত করে তোলার ওপর জোর দেন তিনি। অনুষ্ঠানে দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ কেন্দ্রীয় অন্য নেতারা উপস্থিত ছিলেন।