রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৮:১৭ পিএম

চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

কর্নেল অলি আহমদ

দেশের অর্থনৈতিক সংকট কাটাতে চীন উদ্ধার না করলে প্রধানমন্ত্রী সামনে এগোতে পারবেন না বলে মন্তব্য করেছেন কর্নেল অলি আহমদ। শনিবার (১৬ মে) রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান এই হুঁশিয়ারি দেন। দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে জোটের শরিক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।কর্নেল অলি আহমদ তাঁর বক্তব্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করেন। 

তিনি অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশকে নতুন করে অশান্ত করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে এবং এখানে শুভেন্দুর কোনো চর বা এজেন্ট সক্রিয় আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। আমরা কোরআন-সুন্নাহ মেনে চলি বলেই এ দেশে সব ধর্মের মানুষ সম্পূর্ণ নিরাপদ এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে তিনি দাবি করেন।

একই সমাবেশে অংশ নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমালোচনা ও প্রশংসা দুই-ই করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের কল্যাণে পদ্মা ব্যারেজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান এবং যেকোনো দেশের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তবে তিনি বিএনপিকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করে দলটিকে ‘চাঁদাবাজির দল’ বলে আখ্যা দেন এবং এদের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দেন।