সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

মোটরসাইকেলের ওপর কর আরোপ উচিত নয়: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ১২:৫৩ পিএম

মোটরসাইকেলের ওপর কর আরোপ উচিত নয়: জামায়াত আমির

মোটরসাইকেলে কর

মোটরসাইকেলে কর আরোপের নতুন পরিকল্পনার বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারের এই চিন্তাভাবনার বিরোধিতা করেন। 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে সরকারের পক্ষ থেকে এই কর আরোপের উদ্যোগের বিষয়টি সামনে আসার পর তিনি এই প্রতিক্রিয়া জানালেন।মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির।

তিনি বলেন, মূলত জীবন ও জীবিকার তাগিদেই সাধারণ মানুষ এই দ্বিচক্রযানটি বাহন হিসেবে ব্যবহার করে থাকেন। তবে রাষ্ট্রের সামগ্রিক রাজস্ব আহরণের স্বার্থে করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে বলে তিনি স্বীকার করেন। 

কিন্তু জীবনযুদ্ধে ক্লান্ত এই মানুষগুলোর ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই ঠিক হবে না। সরকার যদি সত্যিই এমন কোনো চিন্তা করে থাকে, তবে তা থেকে দ্রুত সরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোটরসাইকেলে কর আরোপের সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে এটি একটি স্পষ্ট জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলে পোস্টে সতর্ক করেছেন ডা. শফিকুর রহমান। বিভিন্ন গণমাধ্যমে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা চলছে এমন খবর প্রকাশের পর জামায়াত আমিরের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্যটি সামনে এলো।