রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

‘নির্বাচন এলেই বিএনপি নেতাদের মাথায় টুপি, হাতে তসবিহ দেখা যায়’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০২:০২ পিএম

‘নির্বাচন এলেই বিএনপি নেতাদের মাথায় টুপি, হাতে তসবিহ দেখা যায়’

গোলাম পরওয়ারের জবাব

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি নেতার ওই বক্তব্যকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক এবং অসত্য বলে আখ্যায়িত করেছেন। 

রাজনৈতিক দেউলিয়া থেকে এবং সাধারণ মানুষের কাছে সস্তা জনপ্রিয়তা পাওয়ার হীন উদ্দেশ্যেই তিনি এমন ন্যক্কারজনকভাবে কুৎসা রটানোর পথ বেছে নিয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।ধর্মকে পুঁজি করে রাজনীতি করার ভিত্তিহীন অভিযোগের কড়া জবাব দিয়ে তিনি উল্টো বিএনপির দিকেই আঙুল তুলেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশবাসী অত্যন্ত ভালো করেই জানে যে জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তার মতে, ধর্ম নিয়ে রাজনীতি বা কোনো ধরনের হীন চাতুরীর আশ্রয় তারা নেন না, বরং ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা ও ভণ্ডামি মূলত বিএনপিই করে থাকে। 

সারা বছর তাদের বড় বড় নেতাদের নামাজের কোনো খবর না থাকলেও নির্বাচন ঘনিয়ে এলেই তাদের গায়ে পাজামা-পাঞ্জাবি, মাথায় টুপি ও হাতে তসবিহ দেখা যায়। জনগণের পবিত্র ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার এই সস্তা ও ভণ্ডামিপূর্ণ রাজনীতি মূলত বিএনপির জন্যই বেশি প্রযোজ্য বলে তিনি মন্তব্য করেন।এ দেশের মানুষ জামায়াতকে কোনো দিন ক্ষমতায় বসাবে না—মির্জা ফখরুলের এমন অমূলক দাবিরও কঠোর সমালোচনা করেছেন এই প্রবীণ নেতা।

তিনি বিএনপি মহাসচিবকে স্মরণ করিয়ে দেন যে, অতীতে এ দেশের কোটি কোটি দেশপ্রেমিক জনতা একাধিকবার জামায়াতকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এবং তাদের মন্ত্রীরা সততার নজির স্থাপন করেছেন। মিথ্যা এবং কুৎসার ওপর ভিত্তি করে কখনো টেকসই রাজনীতি করা যায় না উল্লেখ করে তিনি ফখরুলকে তার এই অসত্য ও উসকানিমূলক বক্তব্য দ্রুত প্রত্যাহারের শক্ত আহ্বান জানান। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে জামায়াতকে জড়িয়ে তিনি যে পুরনো বয়ান দিয়েছেন, তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বলে বিবৃতিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়।