মে ২৪, ২০২৬, ০৮:২০ পিএম
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এ দাবি জানান। চামড়ার সঠিক মূল্য নির্ধারণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
পুরোনো অসাধু সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে বলে তার দাবি।মাওলানা কাইয়ূম বলেন, গত কয়েক বছর ধরে সিন্ডিকেট স্বল্পমূল্যে চামড়া ক্রয় করে এই শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
চামড়া থেকে প্রাপ্ত অর্থ গরিব ও এতিমদের হক এবং কওমি মাদরাসার শিক্ষাখাতের একটি গুরুত্বপূর্ণ উৎস। ন্যায্য মূল্য না পাওয়ায় এই বিশাল জনগোষ্ঠী তাদের হক থেকে বঞ্চিত হচ্ছে।চামড়া শিল্প বাঁচাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সামঞ্জস্য দরকার।
বিবৃতিতে আরও বলা হয়, সিন্ডিকেট ভাঙতে না পারলে গত বছরের মতো লাখ লাখ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। পাট শিল্পের মতো চামড়া শিল্পকেও বিদেশিদের ইঙ্গিতে ধ্বংসের চক্রান্ত চলছে বলে তিনি মন্তব্য করেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের বিশাল একটি অর্থনৈতিক খাত চিরতরে হারিয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন